ফেসবুক ছাড়ছেন ভাইস প্রেসিডেন্ট পারিখ
ফেসবুক ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেই পারিখ। ফেসবুকে পোস্ট দিয়েই বিষয়টি সবাইকে জানান পারিখ।
পোস্টে তিনি লিখেছেন, “কিছু টকমিষ্টি খবর জানানোর আছে। (আমার জন্য) ফেসবুক ছাড়ার এটাই সময়, যাতে পরবর্তীতে কী রয়েছে তার অনুসন্ধান করতে পারি।”
তার পোস্টের নিচে মন্তব্যে প্রতিষ্ঠানের প্রধান মার্ক জাকারবার্গ লিখেছেন, “এগারো বছরে আমরা যা কিছু অর্জন করেছি তার অনেক কিছুই হয়তো তোমাকে ছাড়া সম্ভব হতো না। তুমি যখন যোগ দিয়েছিলে তখন মনে হয় আমাদের একটি ডেটা সেন্টারও ছিলো না। আর এখন আমরা আমাদের নকশা শেয়ার করি যাতে অন্যান্যরা এটি অনুসরণ করতে পারে!”
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, পারিখের বদলে ফেসবুকের অবকাঠামো গোছাতে নেতৃত্ব দেবেন ডেভিড মরটেনসন। ২০১১ সালে ফেসবুকে যোগ দেন তিনি। পারিখের অন্যান্য দায়িত্ব ভাগ করে দেওয়া হবে প্রতিষ্ঠানের কয়েকজন প্রোকৌশল নেতাদের মধ্যে।
প্রসঙ্গত, ২০০৯ সালে ফেসবুকে যোগ দেন পারিখ। ফেসবুকের ডেটা সেন্টারের কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকা রয়েছে তার। এই ডেটা সেন্টারের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানের অসংখ্য অ্যাপ এবং সেবা চলে।